রাজশাহীতে অপহৃত আ.লীগ নেতা আট ঘণ্টা পর মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম ফিরে এসেছেন। গত বুধবার রাত ১১টার দিকে চোখ বাঁধা অবস্থায় পবা উপজেলার দারুসা বিল এলাকায় মাইক্রোবাস থেকে তাঁকে নামিয়ে দেওয়া হয়। পরে তিনি একাই বাড়িতে ফিরে আসেন।
বুধবার বেলা পৌনে তিনটার দিকে নগরের শিরোইল কলোনি বড় মসজিদের পাশে নিজের দোকান থেকে কামরুলকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী মো. জয়। কামরুল বোয়ালিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর ওয়েল্ডিংয়ের ব্যবসা রয়েছে।
কামরুলের ছেলে মো. পলাশ প্রথম আলোকে বলেন, তাঁর বাবাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আবার চোখ বাঁধা অবস্থায় রাত ১১টার দিকে পবার দারুসা বিলের কাছে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি একাই হেঁটে বাড়িতে ফিরে আসেন। কেন
তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিছুই অপহরণকারীরা তাঁকে বলেনি। এমনকি মারধরও করেনি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, রাতে বাড়িতে ফেরার পর কামরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আজ (বৃহস্পতিবার) সারা দিন কথা বলার সুযোগ হয়নি। তাই কী ঘটেছিল ঠিক বলা যাচ্ছে না। পরে উনার সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।