রাজশাহীতে অপহৃত ছাত্র উদ্ধার, পাঁচ সন্দেহভাজন আটক
রাজশাহী নগরের শাহমখদুম পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে গতকাল সোমবার উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)-এর সদস্যরা। অপহরণ করে মুক্তিপণ দাবির এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
আনিছুর রহমান শাহমখদুম পলিটেকনিকের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার মো. হান্নানের ছেলে। আনিছুরকে অপহরণের অভিযোগ আটক ব্যক্তিরা হলেন মুক্তিপণ দাবিকারী রাজশাহী নগরের বড় বনগ্রাম এলাকার এক নারী (১৮), তাঁর ভাই মো. সোহাগ (২০) ও তাঁর মা এবং রাজশাহীর মতিহার থানার সমসাধীপুর এলাকার আবদুল মণ্ডলের ছেলে মো. বাদশা (৫২) ও মো. লিটন আলী (৩৭)।
র্যাব সূত্র জানায়, গত রোববার দুপুরে রাজশাহী নগরের নওদাপাড়া আমচত্বর এলাকা থেকে আনিছুর রহমানকে অজ্ঞাত কয়েক ব্যক্তি অপহরণ করে আটকে রাখে। পরিবারের সদস্যরা এ খবর জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করেও আনিছুরের কোনো সন্ধান পাননি। এরপর বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে অপহৃতের বাবার নম্বরে ফোন করে অপহরণকারীরা ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে অপহরণকারীরা আনিছুরকে মেরে ফেলার হুমকি দেয়।
এ ঘটনার পর রোববারই র্যাব-৫-এর কাছে অভিযোগ জমা দেয় আনিছুরের পরিবার। এরপর র্যাব-৫-এর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তৎপরতা শুরু করে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে মো. সোহাগ ও তাঁর মাকে শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের মতিহার থানার সমসাধীপুর এলাকা থেকে ওই নারী, বাদশা ও লিটন আলীকে আটক করে। এ সময় তাঁদের জিম্মা থেকে অপহৃত আনিছুরকে উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে র্যাব-৫-এর অধিনায়ক মাহবুব আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।