রাজশাহীতে অপহৃত প্রকৌশলী দুদিনেও উদ্ধার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাফিজ আহম্মেদকে উদ্ধারের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন সহকর্মীরা। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো
রাজশাহীতে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাফিজ আহম্মেদকে উদ্ধারের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন সহকর্মীরা। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো

গণপূর্ত অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নফিজ আহম্মেদকে অপহরণের দুই দিন পরও উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারের দাবিতে তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। নফিজ রাজশাহী মহানগরের বালিয়াপুকুর এলাকার বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের সিঅ্যান্ডবি মোড়ে প্রথমে মানববন্ধনের আয়োজন করা হয়। তবে অনুমতি না থাকায় পুলিশ সেখানে মানববন্ধন করতে বাধা দেয়। সেখান থেকে ফিরে গিয়ে নফিজের সহকর্মী ও পরিবারের সদস্যরা বেলা সাড়ে ১১টায় গণপূর্ত অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে নফিজকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়।
গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরের সিঅ্যান্ডবি মোড়সংলগ্ন নিজ কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে নফিজকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। ধূসর রঙের একটি নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে যেতে দেখেছেন তাঁর সহকর্মীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির রাজশাহী জেলা সভাপতি আবুল আশরাফ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।