রাজশাহীতে অভিজিৎ হত্যার প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা
অভিজিৎ রায় হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটকে সমাবেশ করতে দেয়নি পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। তবে পুলিশের দাবি, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা থাকায় বাধা দেওয়া হয়েছে।
আজ বেলা বেলা ১১টার দিকে অভিজিৎ হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার রফিকুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বাধা দেয়।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের অর্থ সম্পাদক তাসনুভা তাহরিন মোবাইল ফোনে ছবি তুলতে গেলে সহকারী কমিশনার রফিকুল আলম তাঁর ফোন কেড়ে নিতে যান। এ সময় ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন এবং ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রফিকুল আলম। একপর্যায়ে ফারুক ইমনকে একদিকে টেনে নিয়ে মিছিল বন্ধ এবং ছবি মুছে দিতে বলেন রফিকুল।
ফারুক ইমনের অভিযোগ, রফিকুল আলম তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘মিছিল বন্ধ না করলে এবং ছবি মুছে না দিলে আপনাকে আটক করতে বাধ্য হব। পরে আপনাকে জটিল সমস্যায় পড়তে হবে।’
বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন বলেন, ‘লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে যখন হত্যা করা হয়, তখন পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। এখন এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাতে চাওয়ায় পুলিশ বাধা দিল।’
তবে সহকারী পুলিশ কমিশনার রফিকুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের এ ধরনের কথা কখনোই বলা হয়নি। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও তারা সমাবেশ করতে চাওয়ায় সামান্য বাগবিতণ্ডা হয়েছে।’
কর্মসূচির জন্য অনুমতি নিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে ফারুক ইমন বলেন, ‘কর্মসূচির আগে ও পরে আমরা প্রক্টর স্যারকে ফোন করেছিলাম। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।’ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।