রাজশাহীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান আজ মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম আলালউদ্দীন ওরফে ফরহাদ আলী (৩২)। তাঁর বাড়ি নগরের রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায়। তিনি পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানা গেছে, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর রাতে ফরহাদ আলীকে অস্ত্রসহ আটক করে পুলিশ। ওই ঘটনায় রাজপাড়া থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। পরে ফরহাদ জামিন নিয়ে গা ঢাকা দেন। মামলাটি প্রথমে মহানগর দায়রা জজ আদালতে ছিল। পরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।