রাজশাহীতে অস্ত্রোপচারের নামে অর্থ আদায়ের অভিযোগে মামলা
পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাজশাহীর পবা উপজেলার কাকলী আক্তার (২২)। চিকিৎসকেরা বলেন, তাঁর পেটে টিউমার-জাতীয় পুরু একটি খণ্ড রয়েছে, যা অস্ত্রোপচার করে অপসারণ করতে হবে। ৭০ হাজার টাকায় অস্ত্রোপচার করেন কাকলী। কিন্তু ব্যথা সারে না। পরে অন্য চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তাঁর টিউমারটি আগের মতোই আছে।
রাজশাহী নগরের জমজম ইসলামী হাসপাতালে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অস্ত্রোপচারের নামে অর্থ আত্মসাতের অভিযোগে চার চিকিৎসকের বিরুদ্ধে গতকাল বুধবার আদালতে মামলা করেছেন ভুক্তভোগী কাকলী। রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুদরত-ই-খুদা মামলাটি গ্রহণ করেন। বাদীপক্ষের আইনজীবী শামিম আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন ওই হাসপাতালে কর্মরত ল্যাপারোস্কোপি ও জেনারেল সার্জন এ কে এম গোলাম কিবরিয়া, চিকিৎসক জয়নাল আবেদিন, চিকিৎসক আবদুল লতিফ ও হাসপাতালের পরিচালক মাইনুল ইসলাম।
মামলার এজাহার ও কাকলীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ মে পেটের ব্যথা নিয়ে ওই হাসপাতালে আসেন পবার টেংরামারী এলাকার মিলনের স্ত্রী কাকলী। এরপর তিনি চিকিৎসকদের মাধ্যমে জানতে পারেন, তাঁর অগ্ন্যাশয়ে টিউমার-জাতীয় পুরু একটি খণ্ড রয়েছে। তিনি চিকিৎসক জয়নাল ও লতিফের সঙ্গে পরামর্শ করেন। তাঁরা রোগীকে গোলাম কিবরিয়ার কাছে নিয়ে যান। তিনি বলেন, দ্রুত অস্ত্রোপচার করতে হবে। পরে অন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে গোলাম কিবরিয়া বলেন, অস্ত্রোপচারে এক লাখ টাকা লাগবে। এ সময় রোগীর স্বজনেরা কিছু কমে করার কথা বললে ৭০ হাজার টাকার কথা জানান চিকিৎসক। পরে অর্ধেক টাকা জমা দিলে ১৭ মে চিকিৎসকেরা মিলে রোগীর অস্ত্রোপচার করেন। ২৬ মে পূর্ণ টাকা পরিশোধ করে ক্লিনিক থেকে বাড়ি ফেরেন কাকলী। কিন্তু বাদী পুনরায় অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি আলট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে মামলার সাক্ষী রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ সরকারসহ কয়েকজন চিকিৎসককে দেখান। পরে কাকলী জানতে পারেন, তাঁর আগের টিউমারটি এখনো সেই অবস্থাতেই আছে।
কাকলী বলেন, ‘অস্ত্রোপচারের পর ওই হাসপাতাল থেকে বাড়িতে আসার পর পেটের ব্যথা আগের মতোই থাকে। পরে আবার ব্যথা উঠলে বিভিন্ন জায়গায় আলট্রাসনোগ্রাম করি। সব স্থানে একই রিপোর্ট আসে। পরে গোলাম কিবরিয়াকে বলা হলে তিনি বলেন, এই পাথর বের করা সম্ভব নয়। এর স্থায়ী চিকিৎসা নেই।’ কাকলী আরও বলেন, ‘এখনো অস্ত্রোপচারের ঘা শুকায়নি। ব্যথা আগের মতোই আছে। বাধ্য হয়ে মামলা করেছি।’
জমজম ইসলামী হাসপাতালের পরিচালক মাইনুল বলেন, ‘এখনো মামলার কাগজপত্র আামাদের কাছে আসেনি। তবে যতটুকু জেনেছি, ওই রোগীর প্যানথেরাস নালিতে পাথর হয়েছিল। এই পাথর অপসারণ করা যায় না। বিকল্প নালি তৈরি করে দিতে হয়। সেটাই করা হয়েছে। চিকিৎসকদের কোনো ভুল নেই।’ গোলাম কিবরিয়া দেশের বাইরে অবস্থান করায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।