রাজশাহীতে আ.লীগ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে (৪৫) গতকাল বুধবার তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, তারা কিছু জানে না।
কামরুল ইসলামের বাড়ি নগরের শিরোইল কলোনি এলাকায়। ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের কার্যালয়ের পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান।
ওই প্রতিষ্ঠানের কর্মচারী মো. জয় বলেন, দুপুরে একটি জলপাই রঙের মাইক্রোবাস আসে। গাড়ি থেকে চারজন লোক বের হয়ে কামরুলকে বাইরে ডাকেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ধরে তাঁরা গাড়িতে তোলেন। গাড়িটি স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যায়। পরে কামরুলের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, র্যা ব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কাছে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কেউ কিছু বলতে পারেনি।
কামরুলের মেয়ে কামরুন্নাহার প্রথম আলোকে বলেন, কারা তাঁর বাবাকে তুলে নিয়ে গেছে সে বিষয়ে তাঁরা ধারণা করতে পারছেন না।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নগরীর বোয়ালিয়া থানার ওসি সাহাদাত হোসেন খান রাত নয়টার দিকে বলেন, এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।