রাজশাহীতে আ.লীগ নেতার গাড়িতে গুলি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম ওরফে বেন্টুর ব্যক্তিগত গাড়িতে গুলির অভিযোগে থানায় মামলা হয়েছে। তবে পুলিশ বলছে, তাদের বিশেষজ্ঞ প্রাথমিকভাবে মনে করছেন, এটা গুলির নয়, ভারী কোনো বস্তুর আঘাত।
গত বুধবার রাতে আওয়ামী লীগ নেতার গাড়িতে এই আঘাতের ঘটনা ঘটেছে। রাতেই তিনি নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার নগরের গণকপাড়া মোড়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে দুটি গাড়ি রাখা ছিল। একটি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এবং অপরটি আজিজুল আলমের। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠান শুরু হতে রাত নয়টা বেজে যায়। অনুষ্ঠান থেকে বের হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি খায়রুজ্জামান লিটন গাড়িতে উঠে রওনা দেন। তাঁকে বিদায় দিচ্ছিলেন আজিজুল আলম। এ সময় তাঁর গাড়ির চালক তাঁকে ফোন করে ডাকেন। তিনি গাড়ির কাছে গেলে চালক তাঁকে গাড়ির সামনের কাচের আঘাতটি দেখান। সামনের কাচ আঘাতে গর্ত হয়ে ফেটে গেছে। এ সময় চালক তাঁর আসনে বসে মুঠোফোনে কথা বলছিলেন। তিনি বুঝতে পারেননি কোন দিক থেকে কে বা কারা কী দিয়ে আঘাত করেছে। আঘাতটি হয়েছে চালকের পাশের আসন বরাবর। ওই আসনে আজিজুল আলম বসেন।
এ ব্যাপারে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, গাড়িটি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। তাঁরা পরীক্ষা করে প্রাথমিকভাবে জানিয়েছেন, এটা গুলির আঘাত নয়। তারপরও মামলা যখন হয়েছে, সরাসরি আলমত পাঠানো হবে। আরও তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।
জানতে চাইলে আজিজুল আলম বলেন, গাড়ির কাচে যেভাবে গর্ত হয়েছে, তাতে তাঁর মনে হয়েছে, এটি গুলির আঘাত অথবা ভারী কোনো বস্তুর আঘাতও হতে পারে।