রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ শিবির নেতা আটক
রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ হাসিবুল ইসলাম (২১) নামের ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে আটক করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাতে নগরের মির্জাপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাবের দাবি, হাসিবুল ইসলাম নগরের মির্জাপুর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা আছে। এসব মামলার মধ্যে নয়টিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।
রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ারের ভাষ্য, হাসিবুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও চারটি ককটেল পাওয়া উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন নাশকতার ঘটনায় হাসিবুল নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি একজন দুর্ধর্ষ শিবির ক্যাডার।
র্যাবের এই কর্মকর্তার তথ্যমতে, আটকের পর থেকে হাসিবুলকে নিয়ে অস্ত্র উদ্ধার ও নাশকতায় জড়িত শিবির ক্যাডারদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র্যাব। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।