রাজশাহীতে আদিবাসী যুবককে হত্যা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক আদিবাসী যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম জেম হেমব্রম (২০)। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমতলীপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, আজ দুপুরে স্থানীয় বাসিন্দারা আমতলীপাড়ার একটি ধানখেতে জেম হেমব্রমের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা ওই স্থান থেকে প্রতিবেশী কুমার টুডুর বাড়ি পর্যন্ত রক্ত পড়ে থাকতেও দেখেন। এরপর গ্রামবাসী বাড়িটি ঘিরে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কুমার টুডুর স্ত্রী নয়মি হাসদা ও শাশুড়ি ফ্রিনিন্দা হাসদাকে আটক করে। তবে কুমার টুডু পালিয়ে যান। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ওসি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতেই জেম হেমব্রমকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর যে স্থানে তাঁকে হত্যা করা হয়েছে, ওই স্থানটি পরে মাটি দিয়ে লেপে দেওয়া হয়। তাঁকে যে ওই জায়গায় হত্যা করা হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে।
এ ঘটনায় নিহত জেম হেমব্রমের বাবা সিরজেম হেমব্রম বাদী হয়ে তিনজনকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন। আটক ব্যক্তিদের আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।