রাজশাহীতে আনন্দমেলার নামে হাউজি ও জুয়ার আয়োজন
শ্রমিকদের একটি হাসপাতালের তহবিল সংগ্রহের জন্য রাজশাহী নগরের নওদাপাড়ায় কেন্দ্রীয় বাস টার্মিনালে এবার মাসব্যাপী আনন্দমেলার আয়োজন করা হয়েছে। মেলায় সার্কাস, হাউজি ও জুয়ার আসরের আয়োজন থাকবে বলে আয়োজকেরা স্বীকার করেছেন।
প্রশাসন বলছে, মেলার অনুমতিই দেওয়া হয়নি। অথচ গতকাল রোববার দুপুরে রাজশাহী পরিবহন মালিক সমিতির সভাপতি মঞ্জুর রহমান ফিতা কেটে মেলার উদ্বোধন করেছেন।
মেলার উদ্বোধনকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরীসহ শ্রমিক ও মালিকপক্ষের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, ‘শ্রমিকদের জন্য একটি হাসপাতাল করার তহবিল সংগ্রহের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে মেলার আয়োজক একটি কোম্পানি তাঁদের একটি অ্যাম্বুলেন্স, একটি ইসিজি ও একটি এক্স-রে মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’ তিনি আরও জানান, মেলায় সার্কাস, হাউজি ও ছোটখাটো জুয়া চালানো হবে। জুয়া চললে আইনশৃঙ্খলার অবনতি হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মেলা বোঝেনই তো। ছোটখাটো কিছু জুয়া, ঘূর্ণি ছাড়া তো আর মেলা হয় না। আপনারা সহায় থাকলে কোনো সমস্যা হবে না। আমরা মেলার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি।’
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার তানবির হায়দার চৌধুরী বলেন, ‘আমরা এখনো অনুমতি দিইনি। তারা যেখানে মঞ্চ করেছে সেটা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা। তারাও অনুমতি দেয়নি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ অনুমতি দিলে আমরা ভেবে দেখব।’
জানা গেছে, নগরের ব্যস্ততা কমানোর জন্য নওদাপাড়ায় কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করা হয়। কিন্তু সব বাস সেখানে যায় না। বাস্তবে প্রায়ই টার্মিনালটি খালি পড়ে থাকে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, ‘আমাদের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। আমরা তা নাকচ করে দিয়েছি। এ ছাড়া পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে ও টেলিফোনের মাধ্যমে বাস টার্মিনালে মেলার অনুমতি না দেওয়ার জন্য বলেছি। এর পরও যদি তারা মেলার আয়োজন করে তাহলে তা উচ্ছেদ করতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।’