রাজশাহীতে আবাসিক হোটেলে খুন
রাজশাহীতে এবার আবাসিক হোটেলে কর্মচারী খুন হয়েছেন। তাঁর গলা ও ঘাড়ের পাশে চাকু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হোটেলের যে কক্ষে লাশ পাওয়া গেছে, সেই কক্ষের বোর্ডার হোটেলের অভ্যর্থনাকক্ষের রেজিস্ট্রার থেকে তাঁর নাম-ঠিকানা লেখা পাতাটি ছিঁড়ে নিয়ে গেছেন। পুলিশ রেজিস্ট্রারটি জব্দ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় অবস্থিত এই হোটেলের নাম ‘আল হাসিব’। গত বছর নগরের আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছিল।
নিহত হোটেল কর্মচারীর নাম সিরাজুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকায়। তিনি নগরের আমবাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যরা গ্রামেই থাকতেন। ১৭ বছর ধরে তিনি এই হোটেলে কর্মরত ছিলেন।
গতকাল শনিবার রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় অবস্থিত আল হাসিব হোটেলের ৪০৩ নম্বর কক্ষ থেকে সিরাজুলের লাশ উদ্ধার করা হয়। হোটেলের ব্যবস্থাপক রিপন চৌধুরী বলেন, রাতের পালায় হোটেলে সিরাজুলের দায়িত্ব ছিল। তিনি অভ্যর্থনাকক্ষের মেঝেতে বিছানা পেতে রাতে ঘুমাতেন। রিপন বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে হোটেলে এসে তিনি সিরাজকে খুঁজে পাননি। হোটেলের ক্যাশ বাক্স খোলা ছিল এবং সবকিছু এলোমেলো দেখতে পান। হোটেলের প্রধান দরজাও তিনি খোলা পেয়েছেন। হোটেলটিতে রাতে চারজন বোর্ডার ছিলেন। তাঁদের মধ্যে তিনজন তাঁর কথা শুনে বাইরে আসেন। ৪০২ নম্বর কক্ষে গিয়ে সিরাজের প্যান্ট-শার্ট ঝোলানো অবস্থায় দেখতে পান। কিন্তু পাশের ৪০৩ নম্বর কক্ষের দরজা বন্ধ ছিল। ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় তিনি পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ এসে ৪০৩ নম্বর কক্ষের দরজা খুলে মেঝেতে সিরাজের লাশ পড়ে থাকতে দেখে।
এদিকে ৪০৩ নম্বর কক্ষে যে ব্যক্তি ছিলেন হোটেল রেজিস্ট্রারে তাঁর নাম-ঠিকানা পাওয়া যাচ্ছে না। ব্যবস্থাপক বলেন, ওই বোর্ডার চলে যাওয়ার সময় রেজিস্ট্রার থেকে ওই পাতাটা ছিঁড়ে নিয়ে গেছেন। পুলিশ রেজিস্ট্রারটি জব্দ করেছে।
নগরের বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা বলেন, লাশের গলা ও ঘাড়ের পাশে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এই ক্ষতচিহ্ন গভীর নয়। এ কারণেই যে তাঁর মৃত্যু হয়েছে সেটা বলা যায় না। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তাঁর মৃত্যু নিশ্চিত করার জন্য চাকু দিয়ে কাটা হয়েছে। তিনি বলেন, হয়তো কোনো অপরাধ সংঘটনের জন্য ওই ব্যক্তি হোটেলে উঠেছিলেন। পরে কর্মচারীর কাছে সেটা হয়তো ধরা পড়ে যায়। তখন তাঁকে হত্যা করা হয়।