রাজশাহীতে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনটি বাড়ির লোকজনকেই মারধর করে স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে নগরের রাজপাড়া থানার ঠাকুরমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্তারা হলেন আকবর আলী, জাফর আলী ও তারেক রহমান।
আকবর আলীর বর্ণনা অনুযায়ী, রাত তিনটার দিকে তাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ডাকাত দল। প্রথমে অস্ত্রের মুখে তাঁদের সবার হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়। পরে মারধর করা হয়। এরপর প্রায় ঘণ্টাব্যাপী গোটা বাড়ি লন্ডভন্ড করে তল্লাশি চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে চলে যায় ডাকাত দলটি।
তারেক রহমান বলেন, তাঁর বাড়িতেও দরজা ভেঙে ঢুকে ডাকাতেরা। ভেতরে ঢুকে সবাইকে এলোপাতাড়ি মারধর শুরু করে। দুর্বৃত্তদের কয়েকজন আশপাশের বাড়ির ফটক বাইরে থেকে লাগিয়ে দেয় এবং সামনে অবস্থান নেয়। এ কারণে তাঁরা চিৎকার করলেও প্রতিবেশীরা কেউ বাইরে বের হতে পারেননি। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে ৪১ হাজার টাকা ও তিনটি মুঠোফোন নিয়ে গেছে।
জাফর আলীর বাড়িতেও একইভাবে ডাকাতি হয়। বাড়িটি থেকে তিন হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন জানান, ডাকাতেরা মাইক্রোবাস নিয়ে এসেছিল। ডাকাতির পর নির্বিঘ্নে তারা এলাকা ত্যাগ করে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, একদল ডাকাত বিভক্ত হয়ে প্রায় একই সময়ে তিন বাড়িতে হামলা করেছে। এদের মধ্যে আকবরের বাড়ি থেকেই বেশি মালামাল লুট হয়েছে। তিনি মামলা করেছেন। তবে এই মামলার মাধ্যমেই তিনটি ঘটনা তদন্ত করা হবে।