রাজশাহীতে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল বুধবার এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজনকে মারধর করে স্বর্ণালংকারসহ প্রায় লাখখানেক টাকা লুট করে ডাকাতেরা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নগরের রাজপাড়া থানার ঠাকুরমারা এলাকার আকবর আলী, জাফর আলী ও তারেক রহমানের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আকবর আলী বাদী হয়ে আজ বৃহস্পতিবার নগরের রাজপাড়া থানায় একটি ডাকাতির মামলা করেছেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, ডাকাতদের সঙ্গে একটি মাইক্রোবাস ছিল। ডাকাতির পর তারা মাইক্রোবাসে করে নিরাপদে এলাকা ত্যাগ করেছে।

গৃহকর্তা আকবর আলী জানান, রাত তিনটার দিকে ডাকাতেরা তাঁর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা পরিবারের সদস্যদের মারধর করে। ডাকাতেরা নগদ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
তারেক রহমানের দাবি, গতকাল তিন থেকে চার সদস্যের এক দল ডাকাত বাড়ির ভেতর ঢুকেই পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে। এ সময় ডাকাতেরা তাঁর বাড়ি থেকে ৪১ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। জাফর আলীর দাবি, তাঁর বাড়ি থেকেও ডাকাতেরা নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে এক দল ডাকাত বিভক্ত হয়ে প্রায় একই সময়ে তিন বাড়িতে হামলা করেছে। এ ব্যাপারে আকবর বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার তদন্ত করে ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।