রাজশাহীতে এবার ওষুধের দোকান ও ক্লিনিক বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সসহ বর্ধিত অন্যান্য ফি না কমানো হলে এবার ওষুধের দোকান, বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক) বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজশাহী নাগরিক সমন্বয় কমিটি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বেলা সাড়ে ১১টায় নগরের মিঞাপাড়ায় অবস্থিত রাজশাহী সাধারণ গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির সদস্যসচিব সেকেন্দার আলী। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফয়সাল কবির চৌধুরী ঘোষণা দেন, তাঁদের দাবি না মানা হলে আন্দোলনের মাধ্যমে ওষুধের দোকান, বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।

এতে বলা হয়, মেয়র কথা দিয়েছিলেন আলোচনা সাপেক্ষে হোল্ডিং ট্যাক্স যৌক্তিকতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি গেজেটের ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। কিন্তু হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি নির্ধারণের পদ্ধতি জনগণের কাছে পরিষ্কার না করে অস্বাভাবিক হারে নেওয়া হচ্ছে এবং বাকি দাবিগুলো পূরণের কোনো সদিচ্ছা লক্ষ করা যাচ্ছে না।

৮০ টাকা বর্গফুট হিসাবে ধার্য করা সাইনবোর্ড ফি-কে সংবাদ সম্মেলন অযৌক্তিক ঘোষণা দিয়ে প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী নাগরিক সমন্বয় কমিটি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শামসুদ্দিন, কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান খান, ভাষাসৈনিক মোশরারফ হোসেন আখুঞ্জি প্রমুখ।