রাজশাহীতে ওয়াসা কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক ধীরেন্দ্রনাথ সরকারের স্ত্রী চন্দ্রনা রানী সরকারের (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরের কাজিহাটা এলাকার সরকারি বাসভবন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, লাশটি শয়নকক্ষের মেঝেতে পাওয়া গেছে। গলায় দাগ রয়েছে।
ধীরেন্দ্রনাথের বরাত দিয়ে ওসি বলেন, সকালে ধীরেন্দ্রনাথ হাঁটতে বের হয়েছিলেন। ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রীর লাশ মেঝেতে পড়ে আছে। মেয়ের সঙ্গে ঝগড়া করে তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। একপর্যায়ে ওড়না খসে লাশ মেঝেতে পড়ে গেলে বাসার লোকজন টের পান। এ সময় বাসায় তাঁদের দুই ছেলেমেয়ে ও শাশুড়ি ছিলেন।
চন্দ্রনা রানীর মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আর ছেলে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
ওসি বলেন, গৃহবধূর পরিবারের সদস্যরা লাশের ময়নাতদন্ত করাতে আপত্তি করছিলেন। কিন্তু বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
ধীরেন্দ্রনাথের মুঠোফোনে কল করলেও তিনি ফোন ধরেননি।