রাজশাহীতে ককটেল ফাটিয়ে ডাকাতি
রাজশাহী নগরের গণকপাড়া এলাকায় গতকাল রাত পৌনে আটটার দিকে ককটেল ফাটিয়ে এম রায় জুয়েলার্স নামের একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে মালিক আহত হয়েছেন। এ ছাড়া ককটেলের স্প্লিন্টারে আরও পাঁচজন আহত হয়েছেন। ডাকাতির পর মাইক্রোবাসে উঠে ডাকাতেরা নির্বিঘ্নে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে আহত ব্যক্তি হলেন দোকানমালিক মনিশ রায় (৫৩)। ককটেলের স্প্লিন্টারে আহত ব্যক্তিরা হলেন নগরের ফ্রেশআপ লন্ড্রির মালিক মুক্তারুল ইসলাম, ভ্যানচালক হাবিবুর রহমান, ব্যবসায়ী অপু, পথচারী মুত্তাকিন ও শরিফুল। মনিশ রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরে হোটেল রহমানীয়ার নতুন দোকানের সামনে পুলিশ যানজট নিয়ন্ত্রণ করছিল। এ ছাড়া ওই সোনার দোকান থেকে পশ্চিম দিকে ১৫০ গজ দূরে মালোপাড়া পুলিশ ফাঁড়ি। ডাকাতেরা একটি সাদা মাইক্রোবাসে করে দোকানের সামনে আসে। অস্ত্রের মুখে দোকানের মালিক ও কর্মচারীকে জিম্মি করে চার-পাঁচজন ডাকাত মালামাল লুট করতে থাকে। এ সময় দোকানে কয়েকজন নারী ক্রেতা ছিলেন। ডাকাতেরা তাঁদের ব্যাগও কেড়ে নিয়ে যায়।