রাজশাহীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ (২৩) উপজেলার কানপাড়া ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। দুর্গাপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাজুর আত্মীয় মনিরুল ইসলামের ভাষ্য, ছোটবেলা থেকে রাজু ভবানীপুরে তাঁর চাচা শহীদুল ইসলামের বাড়িতে থাকতেন। গতকাল রাত দেড়টার দিকে একদল ব্যক্তি ওই বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে তাঁর চাচার নাম ধরে ডাকতে থাকে। রাজু দরজা খুলে বের হলে তাঁর দিকে পিস্তল তাক করে তারা। এ সময় তিনি ঘরে ঢোকার চেষ্টা করলে পেছন থেকে তাঁকে একটি গুলি করে তারা চলে যায়। গুলিবিদ্ধ রাজুকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এক প্রবাসী প্রতিবেশীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।