রাজশাহীতে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষ আটক ১৭ জন
ঈদ শুভেচ্ছার ফেস্টুন ছেঁড়ার জের ধরে রাজশাহী নগরের সপুরা এলাকায় যুবলীগ কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। গতকাল বুধবার বিকেলে ছয়টার দিকে এ সংঘর্ষের ঘটনায় কেউ আহত হননি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৭ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সপুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ড মোড়ে যুবলীগ কর্মী আরিফের ভাই সবুজের একটি ঈদ শুভেচ্ছার ফেস্টুন ছিঁড়ে ফেলেন স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছানা। এর জের ধরে ছানাকে যুবলীগ কর্মী আরিফ ও জুয়েল মারপিট করেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোস্তাক ও কালু লোকজন নিয়ে আরিফ ও জুয়েলের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়াকালে উভয় পক্ষ ইটপাটকেল ছোড়ে। এ সময় দুটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এর একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। অবিস্ফোরিত অপর হাতবোমাটি উদ্ধার করে পুলিশ নিয়ে যায়।
এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। এঁরা যুবলীগের না স্বেচ্ছাসেবক লীগের তা তিনি জানেন না। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে, না ছেড়ে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখা যাক।’