রাজশাহীতে খাদ্য কর্মকর্তাকে পেটালেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভেজা ও অপরিষ্কার গম না নেওয়ায়’ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পিটিয়েছেন রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সহসভাপতি রাকিবুল হাসান। অবশ্য ওই যুবলীগ নেতার দাবি, ওই কর্মকর্তা তাঁর কাছে ঘুষ দাবি করেছিলেন।

খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান গত মঙ্গলবার ১৫ টন গম নিয়ে আসেন। কিন্তু গমে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম গম শুকিয়ে নিয়ে আসতে বলেন। সেদিন গুদাম চত্বরে গম রেখে চলে যান যুবলীগ নেতা রাকিবুল। এর পর আজ বুধবার তিনি আবার গুদামে যান। আজ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গম পরীক্ষা করে ময়লা পরিষ্কার করতে বলেন। কিন্তু রাকিবুল ময়লা পরিষ্কার করতে রাজি হননি।
এর পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের ডেকে নিয়ে আসেন রাকিবুল। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলামকে কিল, ঘুষি ও থাপড় মারেন রাকিবুল ও তাঁর লোকেরা।
মইনুল ইসলাম বলেছেন, রাকিবুল তাঁকে মারধর করেছেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
রাকিবুল হাসানের দাবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে চাঁদা দিয়ে গম বরাদ্দ দেওয়ার বন্দোবস্ত নিয়েছেন তিনি। কিন্তু গম দিতে গেলে তাঁর কাছে ঘুষ দাবি করেন ওই খাদ্য কর্মকর্তা। তা ছাড়া তিনি বিলেও সই করছেন না। তবে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন।