রাজশাহীতে গণপূর্তের প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা

রাজশাহীতে গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীর ওপর হামলা চালিয়েছেন এক ঠিকাদার ও তাঁর ব্যবস্থাপক। আহত প্রকৌশলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আটক হয়েছেন দুই হামলাকারী। এ ঘটনায় মামলা হবে।

রাজশাহী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর আজ সোমবার হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।ছবি: প্রথম আলো
ঠিকাদারের হামলার শিকার রাজশাহী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন।
ছবি: প্রথম আলো

রাজশাহীতে গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলীর ওপর আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে এক ঠিকাদার ও তাঁর ব্যবস্থাপক হামলা করেছেন। আহত প্রকৌশলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঠিকাদার ও তাঁর ব্যবস্থাপককে পুলিশ আটক করেছে।

আহত প্রকৌশলীর নাম দেলোয়ার হোসেন। তিনি রাজশাহী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী। আটক হামলাকারীরা হচ্ছেন লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শাহাবুল ওরফে মঞ্জু (৩২) ও তাঁর ব্যবস্থাপক আতিকুর রহমান (৩২)। তাদের বাসা রাজশাহী নগরের রানিনগর এলাকায়।

ঠিকাদারের দাবি, তাঁরা নতুন ভবনের নামফলক লাগানোর জন্য সেটা নিতে গিয়েছিলেন। সে সময় প্রকৌশলী বলেছেন, তাদের কাজ ঠিকমতো করা হয়নি। এ নিয়ে ঘটনার সূত্রপাত।
শাহাদাত হোসেন, ওসি, রাজপাড়া থানা, রাজশাহী

রাজশাহী গণপূর্ত বিভাগের (ডিভিশন-২) নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, এই ঠিকাদার রাজশাহী পুঠিয়া উপজেলা ভূমি অফিস নির্মাণের কাজ করছেন। এই নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় এক কোটি টাকার বেশি। অভিযোগ আছে, এই ঠিকাদার নিম্নমানের মালামাল ব্যবহার করছেন। উপসহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন তাঁর কার্যালয়ে বসে থাকা অবস্থায় এ নিয়ে বির্তকের একপর্যায়ে তাঁরা তাঁর ওপর হামলা করেন। পরে বুঝতে পেরে কর্মচারীরা হামলাকারীদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এই কর্মকর্তা আরও বলেন, তাদের কার্যালয়ের একটি চেয়ারের পায়া ভেঙে গেছে। টেবিলের কাচ ভেঙেছে। দেলোয়ারের কপালে জখম হয়েছে। নিজ কার্যালয়েও নিরাপত্তা নেই, দাবি করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি নিজেদের নিরাপত্তা চান।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, টেবিলের ভাঙা কাচ দিয়ে প্রকৌশলীর ওপর হামলা করা হয়েছে। আটক ঠিকাদারের বরাত দিয়ে ওসি বলেন, ঠিকাদারের দাবি তাঁরা নতুন ভবনের নামফলক লাগানোর জন্য সেটা নিতে গিয়েছিলেন। সে সময় প্রকৌশলী বলেছেন, তাদের কাজ ঠিকমতো করা হয়নি। এ নিয়ে ঘটনার সূত্রপাত। এই ঘটনায় একটি মামলা হবে। মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হবে।