রাজশাহীতে গরুর হাটে 'অজ্ঞান পার্টি'র খপ্পরে ৩০ জন
রাজশাহীর সিটি বাইপাস সড়কসংলগ্ন গরুর হাটে গতকাল রোববার ৩০ ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাটসংলগ্ন একটি হোটেলে খাবার খেয়ে টিস্যু দিয়ে মুখ মোছার পর তাঁরা অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই হোটেলের মালিকের ছেলেসহ চারজনকে আটক করেছে। হোটেলের মালিক পলাতক।
পুলিশ ও হাট কর্তৃপক্ষ জানায়, অজ্ঞান ব্যক্তিদের মধ্যে নরসিংদী, সোনারগাঁ, কুমিল্লাসহ বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী, ট্রাকের চালক ও চালকের সহকারী আছেন। তাৎক্ষণিক সতর্কতামূলক তৎপরতার কারণে তাঁদের কোনো কিছু খোয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে গরুর হাটসংলগ্ন জাফরের হোটেলে ওই ৩০ ব্যক্তি খেতে যান। খাওয়াদাওয়া শেষে হোটেলের কর্মচারীরা তাঁদের টিস্যু দেন। টিস্যু দিয়ে মুখ মোছার পর তাঁরা হাটে গেলে একে একে অজ্ঞান হয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ হোটেলের মালিকের ছেলে ফয়সাল হোসেন এবং হোটেলের কর্মচারী গিয়াস উদ্দিন, সোহরাব হোসেন ও আবদুল হালিমকে আটক করে। তাঁদের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে হোটেলের মালিক জাফর আলী পলাতক।
হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞান ব্যক্তিদের মধ্যে ১৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ১২ জন চিকিৎসাধীন।
ঘটনার শিকার কয়েকজন সাংবাদিকদের জানান, খাওয়াদাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মোছার পর তাঁদের মাথা ঘোরাতে থাকে। এরপর তাঁদের আর কিছু মনে নেই।
হাটের ইজারাদার আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁদের স্বেচ্ছাসেবক বাহিনীর তৎপরতার কারণে অজ্ঞান ব্যক্তিদের কোনো কিছু খোয়া যায়নি। তাঁরা চারজনের কাছ থেকে ১১ লাখ টাকা উদ্ধার করে নিজেদের সংরক্ষণে রেখেছেন। বাকি ব্যক্তিদের টাকাপয়সা তাঁদের নিজ নিজ পরিচিত ব্যক্তির কাছে রাখা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘এটা অজ্ঞান পার্টির চক্রান্ত হতে পারে। সেই আলোকে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে হোটেলের লোকজনও জড়িত থাকতে পারে, আবার বাইরের কোনো চক্রও থাকতে পারে। টিস্যুতে কোনো সমস্যা না অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।’
আটক ফয়সাল সাংবাদিকদের কাছে দাবি করেন, হাটসংলগ্ন বাজারের একটি মুদি দোকান থেকে তাঁরা টিস্যুর প্যাকেট কেনেন। তাঁর বাবা দীর্ঘদিন ধরে ব্যবসা করলেও এ ধরনের কোনো সমস্যা হয়নি। তবে দু-তিন বছর আগে অন্য এক হোটেলে খাবার খেয়ে গরুর হাটে আসা কিছু লোক অজ্ঞান হয়ে পড়েছিলেন।