রাজশাহীতে গলা কেটে বৃদ্ধ খুন
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকায় নিজ বাসায় গতকাল রোববার গলা কেটে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাঁর নাম নজরুল ইসলাম (৭৫)। হত্যার পরে বাইরের গেটে তালা লাগিয়ে পালায় দুর্বৃত্তরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীর ছেলেকে আটক করেছে।
নজরুল ইসলাম রাজশাহী চিনিকলের ফোরম্যান ছিলেন। প্রায় ১৫ বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। নজরুল ইসলামের চার ছেলে পেশাগত কারণে বাইরে থাকেন। একমাত্র মেয়ে নূরজাহান বেগমের বিয়ে হয়েছে পবা উপজেলার বড় মল্লিকপুর গ্রামে। বাসায় নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী পাপিয়া ইসলাম থাকতেন। ওই তাঁর স্ত্রী চিকিৎসক দেখাতে গিয়েছিলেন।
নজরুল ইসলামের জামাই গোলাম কিবরিয়া বলেন, দুষ্কৃতকারীদের চিনে ফেলায় তাঁর শ্বশুরকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) আমির জাফর বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।