রাজশাহীতে গাড়িসহ একদল ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শাহমখদুম থানা এলাকায় একটি বাড়ির ভেতরে গত শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় একদল ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাতদের গাড়ি তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দেড় মাস আগে নগরের জনবহুল এলাকায় একইভাবে মাইক্রোবাস নিয়ে এসে ডাকাতেরা বোমা ফাটিয়ে একটি সোনার দোকান লুট করে নিয়ে যায়।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহমখদুম থানা এলাকার বিরস্তইল ব্র্যাক স্কুলের পাশে মতিজুল ইসলামের বাড়ি। মাইক্রোবাসে করে একদল ডাকাত ওই বাড়িতে এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী বাড়িটি ঘিরে পুলিশকে খবর দেয়। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শাহমখদুম থানার বায়াবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ডাকাতদের আটক করে। ডাকাতদের সহযোগিতার অভিযোগে পুলিশ মতিজুল ইসলামের স্ত্রী নাসিমা বেগমকেও (৩৫) আটক করে।
আটক ডাকাতেরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন জালমাছমারি গ্রামের সুজন কর্মকার, আল-মাহমুদ, জনিউল ইসলাম ওরফে জনি; সাবেক লাভাঙ্গা গ্রামের মমিনুল ইসলাম ওরফে রনি, রবিউল ইসলাম ওরফে সান্টু; লাগাদপাড়া (বর্তমানে চৌধুরীপাড়া) গ্রামের কুরবান আলী ওরফে দোয়েল, তুষার, মাসুদ রানা ওরফে মাসুদ ও ওমর ফারুক ওরফে জাহিদ। তাঁদের পরনে প্যান্ট-শার্ট, গেঞ্জি ও পাঞ্জাবি ছিল।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ডাকাতেরা পুলিশের কাছে স্বীকার করেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে নাসিমার বাড়িতে এসে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।