রাজশাহীতে গুলিতে আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউল হক আজ রোববার দুপুরে রাজশাহী নগরে নিজের ব্যবসায়িক কার্যালয়ে গুলিতে নিহত হয়েছেন। পুলিশ ও জিয়াউলের বন্ধুরা বলছেন, নিজের লাইসেন্স করা রিভলবারের গুলিতে তিনি মারা যান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী নগর ভবনের সামনে জিয়াউল হকের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়। তিন কক্ষবিশিষ্ট এই কার্যালয়ের এক কক্ষে জিয়াউল হক তাঁর ঢাকা থেকে আসা ব্যবসায়ী বন্ধু নয়নের সঙ্গে ছিলেন। আরেক কক্ষে রবিউল ইসলাম, জসীম উদ্দিন ও তরিকুল নামের অপর তিন ব্যবসায়ী বন্ধু ছিলেন। জসীম জানান, তিনি নগরের গণকপাড়ার মোড়ের একটি হোটেল থেকে সবার জন্য খাবার নিয়ে যান। তাঁরা তিনজন খাওয়া শুরু করেছিলেন। আর জিয়াউল হক ও নয়ন তখনো খাওয়া শুরু করেননি। তখন বিকেল প্রায় সাড়ে চারটা। এমন সময় গুলির শব্দ হয়। শব্দ শুনে তাঁরা তিনজন অপর কক্ষ থেকে ছুটে আসেন। রবিউল ইসলাম বলেন, তিনি এসে দেখেন নয়ন গুলিবিদ্ধ জায়গাটি চেপে ধরে জিয়াউল হককে বাইরে বের করে আনছেন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, জিয়াউলের ঢাকার বন্ধু নয়ন তাঁকে (আসাদুজ্জামান) ফোন করে জানিয়েছেন, তিনি (নয়ন) জিয়াউলের লাইসেন্স করা রিভলবার নাড়াচাড়া করে দেখছিলেন। অসাবধানতাবশত ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে তা জিয়াউলের গায়ে লাগে। তিনি (নয়ন) ঢাকায় গিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন। এ কথা বলার পর নয়ন মোবাইল ফোন বন্ধ করে দেন।
রাজশাহী নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার গোলাম সাকলায়েন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, জিয়াউলের ডান বগলের পাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে।