রাজশাহীতে গৃহকর্মী নির্যাতনের শিকার
রাজশাহীতে এক নারী গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এতে তার গায়ে দগদগে ঘায়ের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গতকাল মঙ্গলবার রাতে ওই গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ গিয়ে গৃহকর্ত্রীকে আটক করেছে।
নির্যাতিত গৃহকর্মীর (১৬) বাড়ি গোদাগাড়ী উপজেলার পিরোজপুর গ্রামে। তার বাবা নেই। আটক গৃহকর্ত্রীর নাম আফিয়া বেগম।
রাত ১০টার দিকে ওই গৃহকর্মীকে নগরের বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়। এ সময় সে ভীষণ ক্ষুধার্ত ছিল। পুলিশ তার অবস্থা দেখে প্রথম তাকে রুটি-কলা খেতে দেয়। থানায় পুলিশের সামনে বসেই সে খেতে শুরু করে। মেয়েটি জানায়, খুব ছোটবেলা থেকেই সে এই পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করে। তাকে নানা অজুহাতে প্রতিদিন নির্যাতন করা হয়। লাঠি দিয়েও মারা হয়। মারার কারণে তার শরীরে এ রকম ঘা হয়েছে।
আটক গৃহকর্ত্রী আফিয়া বেগম (৫৫) বলেন, তাঁরা নগরের বোসপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন। মেয়েটি তাঁদের আত্মীয়। ছোটবেলা থেকেই বাসায় আছে। তার খুব চুরির হাত। চুরির কারণে প্রতিবেশীরা তাকে মারতে আসে। তিনি দাবি করেন, তাকে কোনো মারধর করা হয়নি।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন খান বলেন, মেয়েটি যেহেতু নির্যাতনের অভিযোগ করছে, তাই তিনি মেয়েটিকে বাদী করে একটি অভিযোগ নেবেন। আর মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর ব্যবস্থা করবেন।