রাজশাহীতে গোপন আস্তানায় নীরবে হত্যার কৌশল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের একটি গোপন আস্তানা থেকে নীরবে হত্যার কৌশল ও কীভাবে ক্রিয়া-বিক্রিয়া ঘটিয়ে বিস্ফোরক বানাতে হয় শিরোনামের দুটি বইসহ বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে পুলিশ নগরের শিরোইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব বই উদ্ধার করে।

পুলিশ বলছে, এটি জামায়াত-শিবিরের একটি গোপন আস্তানা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে গতকাল সোমবার নগরের বোয়ালিয়া থানায় দুটি মামলা করেছে। পরে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মনিরুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি নগরের মহালদারপাড়া এলাকায়। গতকাল বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁকে ছাড়াও এই মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, বাড়িটি জামায়াত পরিচালিত দাওয়াতুল ইসলাম ট্রাস্টের নিজস্ব সম্পত্তি। আগে এখানে ট্রাস্টের একটি এতিমখানা ছিল। পাঁচ-ছয় বছর ধরে সেখানে আর কোনো শিশুকে দেখা যায় না। মাঝখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাইনবোর্ড টাঙানো ছিল। ইদানীং সেটিও নেই। আটক হওয়া মনিরুল ইসলাম তাঁর পরিবার নিয়ে ওই বাড়িতে থাকতেন। তিনি নগরের মসজিদ মিশন স্কুলের ল্যাব. অ্যাসিসট্যান্ট পদে চাকরি করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, বাড়িটি জামায়াতের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে তারা গোপন বৈঠক করত। গত রোববার দুপুরে বাড়িটি থেকে একটি ভ্যানে করে জব্দ হওয়া জিহাদি বইপত্র অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় নগরের দোসর মণ্ডলের মোড় এলাকায় ভ্যানটি উল্টে গেলে বইপত্রগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ভ্যানের সূত্র ধরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, শত শত বইপুস্তকের মধ্যে থেকে নীরবে হত্যার কৌশল, কীভাবে ক্রিয়া বিক্রিয়া ঘটিয়ে বিস্ফোরক বানাতে হয় ও হ্যাকিং জগত—ব্যাসিক হ্যাকিং টিউটোরিয়াল প্রথম খণ্ড বই তিনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নীরবে হত্যার কৌশল বইটির লেখকের নামের জায়গায় লেখা রয়েছে ‘হেই লং’। অনুবাদ বালাকোট মিডিয়া। প্রচ্ছদের বাম পাশে বিভিন্ন অস্ত্রের ছবি দেওয়া আছে। বইটিতে মানুষ হত্যার ২১টি সচিত্র কৌশল দেখানো হয়েছে। আঘাত করার জন্য মানুষের শরীরের অরক্ষিত জায়গাগুলো চিনিয়ে দেওয়া হয়েছে। বাকি দুটি বইয়ের একটিতে বিস্ফোরণ ঘটনার পদ্ধতি ও আরেকটিতে হ্যাকিংয়ের নানা কৌশল দেখানো হয়েছে। বইগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।