রাজশাহীতে চার 'সন্দেহভাজন জঙ্গি' আটক করেছে র্যাব

রাজশাহীতে চার ‘সন্দেহভাজন জঙ্গি’ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাব। গতকাল রোববার রাত আটটা থেকে আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁঁদের আটক করা হয়। র্যাবের ভাষ্য, এ সময় আটক করা ব্যক্তিদের কাছ থেকে জিহাদি বই, প্রচারপত্র ও ডায়েরি উদ্ধার করা হয়।
আটক করা ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নাইমুল ইসলাম ও পিয়ারুল, রাজশাহী মহানগর বেলপুকুর থানার জামিরা এলাকার জুয়েল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যচর এলাকার শাহাবুল ইসলাম। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে চার সন্দেহভাজন জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে। প্রত্যেককে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও ডায়েরি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।