রাজশাহীতে ছাত্রলীগের গোলাগুলিতে নিহত ১
রাজশাহী নগরের রানীবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। গুলিবিদ্ধ হয়ে জীবন শেখ (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
নিহত জীবন শেখ রাজারহাতা এলাকার হোসেন শেখের ছেলে।
ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি রবিনের সঙ্গে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের ছেলে ও নগর ছাত্রলীগের সদস্য তুহিনের সুসম্পর্ক ছিল। গতকাল বিকেলে রবিন মুঠোফোনে ফোন করে সিটি কলেজের সামনে তুহিনকে আসতে বলেন। তুহিন সেখানে যাওয়ার পরপরই রবিন তাঁকে লোহার পাইপ দিয়ে আঘাত করতে শুরু করেন। এ ঘটনায় আতিকুর রহমান বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত সাড়ে ১০টার দিকে রবিনপক্ষের একদল নেতা-কর্মী গুলি করতে করতে রানীবাজার মোড়ে এসে একটি ক্লাবঘরে হামলা চালান। এ সময় ওই ক্লাবঘরে আতিকুরের বড় ছেলে তুষার ক্যারম খেলছিলেন। তাঁরা তুষারসহ বেশ কয়েকজনকে মারধর করে আহত করেন। তুষারের মোটরসাইকেল ও ক্লাবঘর ভাঙচুর করা হয়। একপর্যায়ে আতিকুর রহমানের লোকজন সংগঠিত হয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ জীবনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জীবনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমান বলেন, ‘আমার ছেলে তুহিনকে রবিন বিকেলে মারপিট করে। গন্ডগোল এড়াতে থানায় এজাহার দিই। তারপর তারা প্রস্তুতি নিয়ে আবারও হামলা করেছে।’
বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান গতকাল রাত সাড়ে ১২টার দিকে জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।