রাজশাহীতে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ৩
রাজশাহী নগরের জামালপুর তাতপাড়া এলাকায় ছুরিকাঘাতে লালা মিয়া (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালার তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালা নগরের মেহেরচণ্ডি চকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। গ্রেপ্তার হওয়া তিনজন হলো মো. শাকিল (২০), রেজওয়ানুল ইসলাম (১৫) ও রাব্বি আহমেদ (১৭)।
এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতেই অভিযান চালিয়ে নিহত কিশোরের তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
নগরের শিরোইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল মমিন বলেন, লালা ছিল গ্রেপ্তারকৃত তিনজনের বন্ধু। রোববার রাত ১২টার দিকে জামালপুর তাঁতপাড়া এলাকায় তারা আড্ডা দিচ্ছিল। পরে আহত অবস্থায় লালাকে সেখানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।