রাজশাহীতে ছেলেকে কুপিয়ে হত্যার পর এক মা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে শহরের নতুন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আর রংপুর শহরে গতকাল রোববার ২২ মাসের মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
রাজশাহীতে খুন হয়েছে শাহরিয়ার আলম কাব্য (৭)। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শেখ রাসেল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা রফিকুল ইসলাম শহরের মেহেরচণ্ডি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বুধপাড়ায় রফিকুলের একটি ওষুধের দোকান রয়েছে। স্কুল থেকে ফিরে বিকেলে তিনি দোকানে বসেন। শনিবার রাত ১০টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন শোয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি নিজের শ্বশুর-শাশুড়িকে খবর দেন। খবর পেয়ে তাসলিমার বাবা আবদুল লতিফ ও ভাই আনোয়ার হোসেন এসে শাবল দিয়ে দরজার পাশের খানিকটা ইট খুলে ভেতরে শিশু কাব্যকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাসলিমাকেও অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায়ও জখম ছিল। ঘরের ভেতরে একটি রক্তমাখা চাপাতি, একটি চাকু ও একটি কাঁচি পাওয়া গেছে।
ওসি হুমায়ুন কবির বলেন, যেহেতু শিশুটি ও তার মা ছাড়া ঘরের ভেতরে কেউ ছিলেন না, তাই আশঙ্কা করা হচ্ছে, ছেলেকে হত্যার পরে মা নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। হত্যার কারণ জানা যায়নি। স্থানীয় ব্যক্তিরা বলেছেন, তাসলিমা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শিশুটির চাচা শফিকুল ইসলাম গতকাল রোববার বলেন, ঘটনার পর কাব্যর বাবা রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে সাধুরমোড় এলাকার তাঁর (শফিকুল) বাসায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
শফিকুল ইসলাম বলেন, তাঁর ভাই দুই বছর আগে বুধপাড়ায় জমি কিনে বাড়ি করেছেন। ঈদের পরের দিন কাব্য তাঁদের বাসায় এসেছিল। গতকাল রোববার স্কুল খুলবে, তাই আগের দিন শনিবার দুপুরে রফিকুল এসে কাব্যকে বাড়িতে নিয়ে যান। এরপর দুর্ঘটনা ঘটে।
গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক এনামুল হক শিশুটির লাশের ময়নাতদন্ত করেন। তিনি সাংবাদিকদের বলেন, ধারালো অস্ত্রের চারটি কোপে শিশুটির মৃত্যু হয়েছে। আঘাতগুলো সবই মাথার ওপরের অংশে।
চিকিৎসাধীন থাকায় তাসলিমার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি।
ওসি হুমায়ুন কবির গতকাল রাতে জানান, এ ঘটনায় বাবা রফিকুল বাদী হয়ে মা তাসলিমার নামে মামলা করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন মাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রংপুর: রংপুর শহরের তাজহাট এলাকার একটি কলাবাগান থেকে গতকাল আরিফা নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ মাসের ওই শিশুটিকে তাঁর বাবা আলাল হোসেন গলা টিপে হত্যার পর পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বাড়ি নগরের কিশামত বিশু মানজাই এলাকায়।
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, স্ত্রী সেবা খাতুনকে নিয়ে চট্টগ্রামে থাকতেন আলাল। সেখানে তিনি রিকশা চালাতেন। মেয়ে আরিফা রংপুর শহরের ডিমলা কানুনগোটলা এলাকায় নানি আফরোজা বেগমের বাড়িতে থাকত। ঈদের সময় আলাল ও সেবা বাড়িতে আসেন। ঈদের পরদিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান আলাল। গত বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে রেখে মেয়ে আরিফাকে নিয়ে নিজবাড়িতে ফিরে যান আলাল। রোববার সকালে শিশুটির লাশ পাওয়া যায়। আরিফার গলায় শ্বাসরোধ করার জন্য টিপে ধরার চিহ্ন রয়েছে। শিশুটিকে গলা টিপে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের।
নিহত শিশুটির নানি আফরোজা বেগম বাদী হয়ে আলাল হোসেনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। আরিফার মা সেবা খাতুনের অভিযোগ, চট্টগ্রামে অন্য এক নারীর সঙ্গে তাঁর স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। এর জেরে তাঁকে প্রায়ই মারধর করতেন আলাল। তালাকের ভয় দেখাতেন। এর জেরে মেয়েকে হত্যা করেছেন আলাল।