রাজশাহীতে ছেলেদের হামলায় বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ছেলেদের হামলায় বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এক ছেলে ও ছেলের বউকে আটক করেছে। বাবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরের বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল শেখ (৬৫)। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের নথিপত্র সরবরাহকারী পদে চাকরি করতেন। ২০১৪ সালের ১ মার্চ তিনি চাকরি থেকে অবসর নেন। তিনি বহরমপুর এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলায় থাকতেন। তৃতীয় তলার অন্য ফ্ল্যাটে মেজ ছেলে আবু বাক্কার (৪৫) ও ছোট ছেলে শরীফুল ইসলাম (৪০) থাকতেন। বড় ছেলে আবু তাহের (৪৭) নগরের বসুয়া এলাকায় আলাদা থাকেন।

আবদুল শেখের স্ত্রী ও ছেলেদের সৎমা আছিয়া শেখ জানান, বাবার সঙ্গে ছেলে শরীফুলের টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। মেজ ছেলে আবু বাক্কারকে চাকরি দেওয়ার কথা বলে ছোট ছেলে শরীফুল বাবার কাছ থেকে দুই বছর আগে চার লাখ টাকা নিয়েছিলেন। পরে চাকরি হয়নি, টাকাও ফেরত দেননি। এ নিয়ে গত রোববার সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সালিস ডাকা হয়। কিন্তু সেখানে কোনো মীমাংসা হয়নি। আছিয়া শেখ জানান, গতকাল সকাল ১০টার দিকে তিনি স্বামীর সঙ্গে নাশতা করতে বসেছিলেন। এ সময় ছেলে শরীফুল ইসলাম এসে বাবার সঙ্গে ঝগড়া শুরু করেন। পরে বড় ছেলে আবু তাহেরও এসে ছোট ভাইয়ের পক্ষ নেন। দুই ছেলের বউও এসে তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা তাঁদের বাবাকে ধরে ঘরের ভেতরে নিয়ে যান। তারপর গলা চেপে ধরেন ও বালিশ চাপা দেন। এতেই মারা যান আবদুল শেখ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আবদুল শেখকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নগরের রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, ঘটনার পর ছোট ছেলে শরীফুল ও তাঁর স্ত্রী হাবিবা আক্তারকে আটক করা হয়েছে। আবু তাহের ও তাঁর স্ত্রীকে পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।