রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৪
রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দুর্গাপুরের জয়কৃষ্ণপুর গ্রামের আসলাম, মোহাম্মদ আলী, বাবু হোসেন ও পুঠিয়ার ধাদাশ গ্রামের আবুল কাশেম রোকন। আসলাম, মোহাম্মদ আলী ও বাবুকে দুর্গাপুর উপজেলার আলী বাজার থেকে এবং আবুল কাশেমকে পুঠিয়া উপজেলার ধাদাশ প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার ওসি রুহুল আলম বলেন, বৃহস্পতিবার রাত চারটার দিকে দুর্গাপুরের আলীবাজার এলাকার একটি দোকান থেকে একসঙ্গে তিনজনকে আটক করা হয়।
পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভূইয়া বলেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে পুঠিয়ার ধাদাশ প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আবুল হাশেমকে আটক করা হয়।
তিন নারীর জবানবন্দি
কুষ্টিয়া অফিস জানায়, ভেড়ামারায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার হওয়া তিন নারী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ৮৪ ঘণ্টার রিমান্ড শেষে গতকাল তাঁদের আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আন নূর যায়েদ বলেন, গতকাল দুপুর ১২টা থেকে তিন নারী পর্যায়ক্রমে মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক মাসুদুজ্জামানের কাছে জবানবন্দি নেন।
গত শুক্রবার রাতে জঙ্গি আস্তানা সন্দেহে ভেড়ামারার বামনপাড়ার তালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে টলি আরা, তিথী ও সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। রোববার ভেড়ামারা থানায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।