রাজশাহীতে জাপানি গবেষক ছুরিকাহত
রাজশাহীর বিনোদপুর এলাকায় র্যাব-৫ এর সদর দপ্তরের গেটের সামনে কেনজি (৩৭) নামের জাপানি গবেষক ছুরিকাহত হয়েছেন। আজ শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই কেনজিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতস্থানে অস্ত্রোপচার চলছে।
হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি রেজিস্টারে তাঁর অভিভাবকের নাম লেখা হয়েছে চুজি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান বিভাগ।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামজীদ আলী জানান, দুজন পথচারী তাঁকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে নিয়ে যান। তাঁকে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, কেনজির বুকের বাম পাশে বগলের নিচে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর অস্ত্রোপচার চলছে।
তামজীদ আলী আরও জানান, কেনজি শুকনো খাবার বিষয়ের ওপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসাব কাজ করছেন।
এ ব্যাপারে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, তিনি ঘটনাস্থল গিয়ে সেখান থেকে হাসপাতালে রওনা হয়েছেন। এখনো বিস্তারিত কিছু জানতে পারেননি।