রাজশাহীতে জাপানি গবেষক ছুরিকাহত
রাজশাহী নগরে গত শুক্রবার রাত ১০টার দিকে জাপানি এক গবেষক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। নগরের বিনোদপুর এলাকায় র্যাব-৫-এর সদর দপ্তরের প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ভর্তির রেজিস্টার সূত্রে জানা গেছে, আহত জাপানি গবেষকের নাম কেনজি (৩৭)। তিনি শুকনা খাবারের ওপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামজীদ আলী বলেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দুজন পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর বুকের বাঁ পাশে বগলের নিচে ছুরিকাঘাত করা হয়েছে।
গতকাল শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, জাপানি গবেষক এখন শঙ্কামুক্ত। তাঁকে সকালে ওয়ার্ড থেকে কেবিনে পাঠানো হয়েছে।