রাজশাহীতে ট্রাক চালককে পুলিশের মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে ট্রাকচালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে রাখেন অন্য চালকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের তালাইমারী মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে নগরে কাজলা এলাকা থেকে একটি বালুবাহী ট্রাক তালাইমারীর দিকে যাচ্ছিল। হঠাৎ তার সামনের একটি ট্রাক জোরে ব্রেক করায় বালুবাহী ট্রাকটিও ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সাদাপোশাকে বসে থাকা পুলিশের এক সদস্যের চেয়ারে সামান্য ধাক্কা লাগে। এরপর ওই সদস্যের সঙ্গে ট্রাকচালক লালন হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ট্রাকচালককে মারধর করেন পুলিশের ওই সদস্য। এতে ট্রাকচালক লালন আহত হন।
খবর পেয়ে অন্য ট্রাকচালকেরা সেখানে জড়ো হন। এরপর লালন হোসেনকে মারধর করার প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের সঙ্গে যোগ দেন নগরের অন্য যানবাহনের চালকেরাও। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে ট্রাকচালকেরা পুলিশের সদস্যের নাম বলতে পারেননি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ট্রাকচালকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। ওসি আরও বলেন, পুলিশের কোন সদস্য ট্রাকচালককে পিটিয়েছেন, তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে ট্রাকচালকেরাও তাঁর নাম বলতে পারছেন না। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।