রাজশাহীতে ট্রাকের আগুনে পুড়ে গেল ১০ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে চালভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে তা দোকানপাট ভেঙে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রাক ও ১০টি দোকান আগুনে পুড়ে যায়।

ধারণা করা হচ্ছে, পেট্রলবোমা নিক্ষেপের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দোকানের ভেতর ঢুকে যায়।

ট্রাকের সহকারী চালক শিমুলের ভাষ্য, গাড়িতে বাইরে থেকে কী যেন এসে পড়ে। এতে তিনি আতঙ্কে লাফ দিয়ে চালকের ঘাড়ের ওপর গিয়ে পড়েন। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি দোকানপাটের দিকে যাচ্ছিল তখন তিনি ও ট্রাকের চালক লাফ দিয়ে গাড়ি থেকে বের হয়ে আসেন। এরপর ট্রাকটি খাদে পড়ে জ্বলতে থাকে। দোকানপাটও জ্বলতে থাকে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলামের ভাষ্য, রাত নয়টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় বিকট শব্দ হয়। দৌড়ে সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, একটি ট্রাক দোকান ভেঙে খাদে পড়ে গেছে। ট্রাক ও ১০টি চামড়ার দোকানে তখন আগুন জ্বলছিল।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ট্রাকের ইঞ্জিনের অংশ পড়ে গেছে। আর দোকানগুলো সবই পুড়ে গেছে। সহকারী চালকের কথা অনুযায়ী, বাইরে থেকে কিছু একটা ট্রাকে পড়েছে; যা থেকে আগুনের সূত্রপাত। এ কারণে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।