রাজশাহীতে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। কোনো মামলাও হয়নি। একের পর এক হত্যাকাণ্ডের পর এই ডাকাতির ঘটনায় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল শুক্রবার বিকেলে মহানগর পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে পুলিশ কমিশনার নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।
রাজশাহী নগরের গণকপাড়ার মোড়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা, আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার এবং নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানে গুলিতে ব্যবসায়ী আওয়ামী লীগের নেতা জিয়াউল হক খুন হওয়ার ঘটনায় নগরের বাসিন্দারা আতঙ্কে আছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, অপরাধীদের ধরতে হলে সবার সহযোগিতা দরকার। এ জন্য তিনি আবাসিক হোটেলগুলোতে ছবিযুক্ত পরিচয়পত্রধারী লোক ছাড়া অন্য কাউকে না রাখার আহ্বান জানান। হোটেলের ব্যবস্থাপক তাঁদের পরিচয়পত্রের সত্যতা যাচাই করে লোক ওঠাবেন। এরপরও কোনো অপরাধের ঘটনা ঘটলে হোটেল কর্তৃপক্ষ দায়ী থাকবে। তিনি গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন নিজ নিজ প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করেন। তিনি আরও বলেন, এ ছাড়া নগরের ভাড়াটিয়াদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো অপরাধের ঘটনা ঘটলে এসব তথ্য অপরাধীদের চিহ্নিত করতে সহায়তা করবে।
সোনার দোকানে ডাকাতির ঘটনার ব্যাপারে পুলিশ কমিশনার বলেন, এটা একেবারেই ডাকাতির ঘটনা। তবে দেশকে অস্থির করার জন্য এর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার সঙ্গে সম্পৃক্ততা আছে কি না,তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, শিক্ষক হত্যার ঘটনা ছাড়া অন্য হত্যাকাণ্ডগুলো তাঁরা বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন। শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় আগে তিনজন আটক করা হয়। তাঁদের একজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাগমারা থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ কমিশনার আরও বলেন, আবাসিক হোটেলে তরুণীকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে তরুণটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, এই তরুণ-তরুণীর ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সময় ওই কক্ষে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি থাকলে ডিএনএ পরীক্ষায় তা ধরা পড়বে।
ব্যবসায়ী হত্যার ঘটনায় মূল দুই আসামি নয়ন ও তরিকুলকে গ্রেপ্তারের জন্য পুলিশ সব রকম চেষ্টা করছে।
এদিকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে নগরের গৌরহাঙ্গা-অলকার মোড় এলাকায় গতকাল বিকেল পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও নিহত ব্যবসায়ীর স্ত্রী শামসুন্নাহার লতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
অপরদিকে ডাকাতির ঘটনার প্রতিবাদে একই সময়ে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে জন-উদ্যোগ আরেকটি মানববন্ধন করা হয়।