রাজশাহীতে তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাজশাহীতে গতকাল বুধবার সকালে গুলিবিদ্ধ এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মো. অপু নামের ওই তরুণকে ছিনতাইকারী বলছে পুলিশ। অভিযোগ অস্বীকার করে অপুর পরিবার বলছে, তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
এদিকে গত মঙ্গলবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ আসিফ ইসলাম ওরফে শোভন (২২) আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আসিফকেও ছিনতাইকারী বলছে পুলিশ। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম। বাড়ি নগরের ষষ্ঠীতলা এলাকায়।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গতকাল বুধবার সকালে নগরের মেহেরচণ্ডী এলাকায় এক তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত তরুণের বুকের ডান পাশে নিচের দিকে গুলির জখমের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে নিহত অপুর (২০) স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। অপুর বাবার নাম কুদরত আলী। বাড়ি নগরের হেতম খাঁ এলাকায়।
অপুর ভাই আবু বকর সিদ্দিক দাবি করেন, অপু দরজির কাজ করতেন। তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের কোনো অভিযোগ নেই। মঙ্গলবার ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসাইন জানান, অপুর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে।
এদিকে মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলমের ভাষ্য, মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ ছিনতাইকারী আসিফকে নগরের পঞ্চবটী এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। রাত ১২টার দিকে তাঁকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে। বোয়ালিয়া থানার পুলিশ তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে রাত সোয়া একটার দিকে নগরের হেতেমখাঁ মহিলা কলেজের মোড়ে পুলিশের গাড়িতে ককটেল ছোড়েন তাঁর সহযোগীরা। ওই সময় পালানোর জন্য দৌড় দিলে তাঁর পায়ে গুলি লাগে।
ইফতে খায়ের আলম জানান, আসিফের নামে বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগে চারটি মামলা রয়েছে।