রাজশাহীতে দুই ডিবি সদস্য ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য ছুরিকাহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে গোদাগাড়ী পৌরসভার বুজরুক রাজারামপুরে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন বগুড়া জেলা ডিবির কনস্টেবল আবদুস সালাম ও ইসমাইল হোসেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া ডিবির ওই দলটি রাত আটটার দিকে বুজরুক রাজারামপুর মহল্লায় অভিযানে আসে। এ সময় এক দুর্বৃত্ত ডিবি কনস্টেবল আবদুস সালামকে (৫৫) এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে কনস্টেবল ইসমাইল হোসেনকেও (৩৩) ছুরিকাঘাত করা হয়। পরে খবর পেয়ে গোদাগাড়ী থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাঁদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যার হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ দিকে এই হামলায় জড়িত সন্দেহে ঘটনার পর ডিবির ওই দলের অন্য সদস্যরা একজনকে আটক করেছেন।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সী প্রথম আলোকে বলেন, বগুড়া ডিবিকে তাঁরা সহযোগিতা করেছেন। কিন্তু আটক করা ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়নি। ডিবি তাঁকে কোথায় নিয়ে গেছে তা পুলিশ জানে না। ওই ব্যক্তি সম্পর্কে পুলিশের কাছে আর কোনো তথ্য নেই।

 এ বিষয়ে গতকাল রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত একজন পুলিশ সদস্য বলেন, আহত ডিবি সদস্যদের একজনের পেটে ও অন্যজনের মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।