রাজশাহীতে নারীর গায়ে আগুন, বান্ধবী গ্রেপ্তার স্বামীও আসামি
রাজশাহীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাশেদা বেগম ওরফে রেখা নামের এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁর গায়ে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ তাঁর বান্ধবীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর জবানবন্দি নিয়েছেন মহানগর ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান আফরোজা নাজনীন বলেন, রাশেদার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিদগ্ধ রাশেদার (৪৫) স্বামীর নাম কামরুল হুদা। নগরের তেরখাদিয়া এলাকার ভাড়াবাড়িতে তাঁরা থাকেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। রাশেদার গ্রেপ্তার হওয়া বান্ধবীর নাম ফেরদৌসী (৪৫)। তাঁর বাসা নগরের দরগাপাড়া এলাকায়। রাশেদা ও ফেরদৌসী রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। সেই সূত্রে তাঁরা বান্ধবী।
রাশেদার ভাই নওশাদ আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। এ মামলায় ফেরদৌসী ও রাশেদার স্বামী কামরুল হুদাকে আসামি করা হয়েছে। নওশাদ গতকাল প্রথম আলোকে বলেন, ফেরদৌসী তাঁর বোনকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ‘তোর সংসারে আগুন জ্বালাব। স্বামীর সংসার করতে দেব না।’
নওশাদ বলেন, তাঁর বোন গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের দরগাপাড়ায় অবস্থিত শাহ মখদুমের মাজারে নামাজ পড়ে পদ্মা নদীর ধার দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি বুঝতে পারেন, পেছন থেকে কে যেন তাঁর গায়ে কিছু ঢেলে দিল। ফিরে তাকাতেই তিনি দেখেন, ফেরদৌসী তাঁর গায়ে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নগরের হোসেনিগঞ্জ এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, তাঁরা কয়েকজন পদ্মা নদীতে নৌকায় করে বেড়াচ্ছিলেন। এ সময় একজনের গায়ে আগুন জ্বলতে দেখেন। তিনিসহ অনেকে চিৎকার করে তাঁকে নদীতে ঝাঁপ দিতে বলছিলেন। কিন্তু তিনি ঝাঁপ দিতে দেরি করেন। শরীরের বস্ত্র পুড়ে যাওয়ার পরে তিনি নদীতে ঝাঁপ দেন। তিনি ঘাটে এসে তাঁকে উদ্ধার করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গ্রেপ্তার হওয়ার পর ফেরদৌসী সাংবাদিকদের কাছে বলেন, তিনি ওখানে যাননি। রাশেদা নিজেই নিজের গায়ে আগুন দিয়ে তাঁর (ফেরদৌসী)
দোষ দিচ্ছেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতেই ফেরদৌসীকে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অগ্নিদগ্ধ নারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।