রাজশাহীতে নিয়ম ভেঙে জুট মিলে গ্যাস-সংযোগ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অনুমোদন ছাড়াই রাজশাহীতে পাট থেকে সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মেসার্স আমান জুট ফাইবার্স লিমিটেড’-এ গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, রহস্যজনক কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) স্বার্থহানি করে আমান জুট মিলে বিদ্যুৎ উৎপাদনের জন্য ক্যাপটিভ জেনারেটরে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সংযোগ পাওয়ার ছয় মাসের মধ্যে লাইসেন্স জমা দেওয়ার একটি অঙ্গীকারনামা জমা দিয়েছিল। কিন্তু সেই সময় পার হয়ে গেলেও পিজিসিএল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
পিজিসিএল সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি-নারকেলবাড়িয়া এলাকায় অবস্থিত আমান জুট মিলে ২০১৪ সালের ১ ডিসেম্বর গ্যাসের সংযোগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী গ্যাসের সংযোগ পেতে হলে বিইআরসির অনুমোদন নিতে হয়। কিন্তু পিজিসিএল এই অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটিকে গ্যাস-সংযোগ দেয়। অবশ্য সংযোগ নেওয়ার সময় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩০০ টাকার একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেওয়া হয়। তাতে বলা হয়েছিল, সংযোগ দেওয়া থেকে ছয় মাসের মধ্যে তারা বিইআরসির লাইসেন্স এনে দেবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স দিতে ব্যর্থ হলে পিজিসিএল তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে তা তারা মানতে বাধ্য থাকবে। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পিজিসিএল।
আমান জুট মিলকে ‘শিল্প’ শ্রেণির প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে তাদের গ্রাহক সংকেত নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু পিজিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল ইসলাম খান রেকর্ডপত্র সংশোধন করে প্রতিষ্ঠানটিকে ‘ক্যাপটিভ’ শ্রেণির প্রতিষ্ঠান হিসেবে গণ্য করার জন্য নথিতে নোট দেন। সে সময় ক্যাপটিভ শ্রেণির প্রতিষ্ঠান থেকে পিজিসিএল প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৪ টাকা ১৮ পয়সা ট্যারিফ পেত। আর শিল্প শ্রেণি থেকেপেত ৫ টাকা ৮৬ পয়সা। এমডির সিদ্ধান্ত অনুযায়ী শ্রেণি বদল করায় প্রতি ঘনমিটার গ্যাস ১ টাকা ৬৮ পয়সা কম দরে প্রতিষ্ঠানটিকে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সাধারণত ক্যাপটিভ শ্রেণির প্রতিষ্ঠান গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে এবং সেই বিদ্যুৎ দিয়ে কারখানা চালায়। আর শিল্প শ্রেণির প্রতিষ্ঠান সরাসরি গ্যাস ব্যবহার করে পণ্য উৎপাদন করে।
এসব বিষয়ে জানতে চাইলে পিজিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) ঈমাম উদ্দিন শেখ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এ বিষয়টি মহাব্যবস্থাপক (মার্কেটিং) দেখেন। তিনি তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে জুট মিলটিকে ক্যাপটিভ শ্রেণির অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি বলেন, তখন শিল্প শ্রেণির ট্যারিফ বেশি থাকলেও এখন এ খাতে কমিয়ে ক্যাপটিভ খাতের ট্যারিফ বাড়ানো হয়েছে।
যোগাযোগ করলে পিজিসিএলের মহাব্যবস্থাপক (মার্কেটিং) কামরুজ্জামান বলেন, ফাইল না দেখে তিনি বিষয়টি বলতে পারবেন না। তবে তাঁর মনে হয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই আমান জুট মিলে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে।
জানতে চাইলে মেসার্স আমান জুট ফাইবার্স লিমিটেডের প্রধান নির্বাহী শামসুল ইসলাম স্বীকার করেন, তাঁরা এখনো বিইআরসির অনুমোদন নিতে পারেননি। তবে অনুমোদন পাওয়ার জন্য যা যা করণীয় সব করেছেন। তিনি দাবি করেন, তাঁরা গ্যাস-সংযোগের কাগজ চেয়ে পাঠিয়েছিলেন। পিজিসিএল থেকে সেটি পাঠাতে একটু দেরি করে। তারপরও তদবির করে তাঁরা সেই কাগজ বিইআরসির কাছে জমা দিয়েছেন।
এ ব্যাপারে পিজিসিএলের বর্তমান এমডি এ এস এম ফারুক বলেন, বিষয়টি তিনি জানতেন না। এখন জানলেন। নথি দেখে লাইসেন্স না পেলে ব্যবস্থা নেবেন বলে জানান।