রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল জালিয়াতি
রাজশাহীর বোয়ালিয়া থানায় ২০১৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে কয়েকটি দপ্তরে অভিযোগ দেওয়া হলেও তদন্ত ঝুলে আছে।
অভিযোগের দুটি অনুলিপি প্রথম আলোর কার্যালয়ে পাঠিয়েছেন অভিভাবকেরা। একটিতে সাতজন যৌথভাবে অভিযোগ করেছেন। একই বিষয়ে আরেকজন পৃথকভাবে অভিযোগ করেছেন।
অভিযোগের অনুলিপি এবং ওই অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে বোয়ালিয়া থানায় যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে, তাদের মধ্যে ১৭ জনই অখ্যাত একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আবার ভালো বিদ্যালয়গুলোর পেছনের সারির অনেক শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের একজন রাজশাহী কলেজিয়েট স্কুলের ৪৯ রোল নম্বরধারী। ওই ছাত্র একটি কলেজের অধ্যক্ষের ছেলে। একইভাবে বৃত্তি পেয়েছে নগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মেয়ে ও শিক্ষক সমিতির এক নেতার ছেলে।
অভিভাবকেরা বলছেন, বৃত্তি পাওয়ার যোগ্য—এমন অর্ধশতাধিক শিক্ষার্থীকে বঞ্চিত করা হয়েছে। এর মধ্যে ৪৩ জন শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তাদের অভিভাবকেরা। কিন্তু তাতেও ওই শিক্ষার্থীদের একই নম্বর এসেছে। এতে করে তাঁদের ধারণা হয়েছে, কারসাজি হয়েছে খাতায়। সেখানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বেশি দেখিয়ে ফলাফল তৈরি করা হয়েছে।
একজন অভিভাবক মে মাসের শুরুতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর ২ জুন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর রাজশাহীতে আসেন। দুপুরেই তিনি চাঁপাইনবাবগঞ্জে চলে যান। ওই অভিভাবক রাতে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে মহাপরিচালকের হাতে লিখিত অভিযোগ তুলে দেন। একই সময়ে আরও সাত অভিভাবক পৃথকভাবে তাঁর কাছে একই অভিযোগ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমরা নিশ্চিত যে এই বৃত্তির ফলাফল জালিয়াতি করা হয়েছে। শেষ পর্যন্ত যদি তদন্ত ধামাচাপা দেওয়া হয়, তা হলে আমরা আইনের আশ্রয় নেব।’
অভিযোগের বিষয়ে জানতে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আবুল কাশেম বলেন, ফলাফল তৈরি হয় থানা শিক্ষা কার্যালয়ে। তারপর ফলাফল-শিট তাঁর কাছে আসে। তিনি আরও বলেন, ‘রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান বিষয়টি তদন্ত করেছেন। তবে আমার কাছে রক্ষিত ফলাফলের সঙ্গে পাঠানো ফলাফল মিলিয়ে দেখে তিনি অভিযোগের কোনো সত্যতা পাননি।’
পারভেজ রায়হান ৯ জুন প্রথম আলোকে বলেন, তদন্তের বিষয়ে উপসংহারে আসতে হলে খাতার নম্বরের সঙ্গে ফলাফল-শিটের নম্বর মিলিয়ে দেখতে হবে। কিন্তু মহাপরিচালকের অনুমতি ছাড়া তাঁকে খাতা দেখতে দেওয়া হয়নি। তিনি মহাপরিচালকের অনুমতি চেয়েছেন। অনুমতি এখনো পাওয়া যায়নি।
দীর্ঘদিনেও তদন্তে অগ্রগতি না হওয়ায় হতাশ অভিভাবকেরা সম্প্রতি বিষয়টি স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশাকে অবহিত করেন। সাংসদ শুক্রবার প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি নিয়ে রাজশাহীর জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তাঁরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে আমরা এ অভিযোগ পেয়েছি। স্থানীয় প্রশাসন ও আমাদের মাঠ কর্মকর্তাদের কাছ থেকেও অভিযোগ পেয়েছি। অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’