রাজশাহীতে পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগের রামদা মহড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ছাত্রলীগের একদল নেতা-কর্মী একটি পরীক্ষাকেন্দ্রে ঢুকে দায়িত্বরত শিক্ষককে হেনস্তার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা রামদা হাতে পরীক্ষাকেন্দ্রের সামনে মহড়াও দিয়েছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রটির কয়েকজন শিক্ষক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষাকেন্দ্র রাজশাহী সিটি কলেজে গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে। সেখানে দায়িত্ব পালন করা কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে সম্মান দ্বিতীয় বর্ষের বিশেষ পাঠ ইংরেজির পরীক্ষা শুরু হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের সামনেই পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে শুরু করেন। ১০৮ নম্বর কক্ষে দুই পরীক্ষার্থীর কাছে নকল পেয়ে শিক্ষকেরা খাতা কেড়ে নেন। এ খবর পেয়ে ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সহসভাপতি উজ্জ্বল সরকার, ধর্মবিষয়ক উপসম্পাদক রাসিক দত্ত, সদস্য শাহরুখ আলম ও সাহিত্যবিষয়ক উপসম্পাদক রোজেলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী পরীক্ষাকেন্দ্রে ঢুকে শিক্ষকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

ওই শিক্ষকেরা আরও বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী রামদা হাতে কেন্দ্রের প্রধান ফটকের বাইরে মহড়া দেন। এ অবস্থায় শিক্ষকেরা কেউ বাইরে বের হননি। খবর পেয়ে নগরের মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ কেন্দ্রে যায়। তাঁদের একটি দল শিক্ষকদের বাসায় পৌঁছে দেয়।

ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, পরীক্ষাকেন্দ্রে গিয়ে শোনেন, বহিরাগত কয়েকজন ‘খুব অল্প সময়ের জন্য’ চাপাতি হাতে পরীক্ষাকেন্দ্র এলাকায় গিয়েছিলেন। তবে সেখানে পৌঁছে তিনি এমন কাউকে দেখেননি।

মহানগর ছাত্রলীগের সহসভাপতি উজ্জ্বল সরকার প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের সাবেক এক নেতার আত্মীয় ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। তাঁর দিকে একটু খেয়াল রাখতে বলার জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন। শিক্ষকেরা মেয়েটিকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় বসিয়েছেন। আরেকটি মেয়ের কাছে মোবাইল ফোন পাওয়ায় তাকে হেনস্তা করা হয়। উজ্জ্বল সরকার আরও বলেন, এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তাঁদের কেবল বাগ্‌বিতণ্ডা হয়। পরে তিনি বলেন, ‘নগরের সবজিপাড়ার দুই ছিনতাইকারীকে হোটেলের হাঁসুয়া ও বঁটি নিয়ে কেন্দ্র এলাকায় ধাওয়া করেছিলেন ছাত্রলীগের সদস্য শাহরুখ ও সোহাগ। শিক্ষকদের আক্রমণের উদ্দেশ্য তাঁদের ছিল না।