রাজশাহীতে পাঁচজনের মৃত্যু
রাজশাহীর চারঘাটে গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই পাঁচজন মারা যাওয়ার আগে মদ পান করেছিলেন।
মৃত ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার সরদহ কুঠিপাড়া গ্রামের মাহতাব উদ্দিন (৫৫), মুক্তারপুর গাংপাড়া গ্রামের হেলাল উদ্দিন (৫০), সারদা পুলিশ একাডেমি কলোনি এলাকার জহরলাল (৭০), বুদনি রানি (৬৫) ও অনিল কুমার (৭২)।
স্থানীয় লোকজন জানান, মাহতাব উদ্দিন তাঁর নিজ বাড়িতে দেশি মদ বিক্রি করতেন। নিজেও পান করতেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মাহতাব উদ্দিন মারা যান। ওই দিন সন্ধ্যায় তাঁর বাড়িতে বিক্রির জন্য রাখা মদ হেলাল, জহরলাল, বুদনি রানি ও অনিল কুমার পান করেন। রাতেই সবাই অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টার দিকে তাঁদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জহরলালের মৃত্যু হয়। বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাত একটার দিকে হেলাল ও বুদনি রানিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অবস্থার অবনতি হলে অনিলকে আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
আজ মাহতাবের বাড়িতে গিয়ে এই প্রতিবেদক কাউকে পাননি। তবে হেলালের বাড়ির লোকজন দাবি করেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আর অন্য তিনজনের বাড়ি সারদা পুলিশ একাডেমি কলোনি এলাকায়। সেখানে সাধারণ জনগণের প্রবেশ সংরক্ষিত হওয়ায় তাঁদের পরিবারের সঙ্গে কথা বলা যায়নি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, হেলাল নামের একজন মারা গেছেন, তাঁর হার্টের সমস্যা ছিল। তবে অন্যরা মদপানে মারা গেছেন কি না, তা তিনি নিশ্চিত নন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউডি মামলা করেছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, হেলাল উদ্দিন মৃত্যুর আগে মদপানের কথা স্বীকার করেননি। তাঁর হার্টের সমস্যা ছিল। তবে অনিল কুমার তাঁদের কাছে মদ খাওয়ার কথা স্বীকার করেন। তাঁর কাছ থেকেই তাঁরা জানতে পারেন, হেলাল উদ্দিনও মদপান করেছিলেন। তাঁরা আসলে ‘মিথাইল অ্যালকোহল’ বা ‘স্পিরিট’ পান করেছিলেন। এই পানীয় যাঁরা পান করেন, তাঁদের মুখে তেমন গন্ধ পাওয়া যায় না। শ্বাস–প্রশ্বাসের হার কমে আসে। দৃষ্টিশক্তিও কমে আসে। মৃত ব্যক্তিদের ক্ষেত্রেও সেই লক্ষণ পাওয়া যাচ্ছিল।
মৃত ব্যক্তিদের মধ্যে মাহতাবকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। বাকিদের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।