রাজশাহীতে পুকুর ভরাট চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকায় পুকুর ভরাট করা হচ্ছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকায় পুকুর ভরাট করা হচ্ছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করার পরও রাজশাহী নগরে পুকুর ভরাট চলছেই। দুই দিন ধরে নগরের রামচন্দ্রপুর এলাকায় নতুন করে আরও একটি পুকুর ভরাট শুরু হয়েছে।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, দুটি ট্রাক্টরে করে মাটি এনে পুকুরে ফেলা হচ্ছে। কে এই পুকুর ভরাট করাচ্ছেন—জানতে চাইলে একটি ট্রাক্টরের চালক বলেন, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান এই পুকুরটি ভরাটের জন্য তাঁদের নিযুক্ত করেছেন। স্থানীয় চার-পাঁচজন জানান, পুকুরটির মালিক এখন তিনজন। এক অংশের মালিক নিজের অংশ ভরাট করছেন।
গতকাল শনিবারও ভরাটকাজ চলে বলে জানা যায়।
জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, ‘আমি ওই পুকুর ভরাট করছি না। খোকন ওই পুকুর ভরাট করছেন।’ এ ব্যাপারে খোঁজ নিয়ে তিনি পরে কথা বলতে চান। পরে খোকন পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে জানান, তিনি ওই পুকুর ভরাট করছেন। আসলে ওটা পুকুরের পাড়। ওই দিক দিয়ে ড্রেন (নর্দমা) হবে। এ জন্য ওইটুকু ভরাট করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুযায়ী অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া ছাড়া জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। পুকুর ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া পুকুর ভরাট বিষয়ে হাইকোর্টে একটি রিট মামলায় রুল জারি হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের জলাশয় ভরাট বন্ধ রাখতে আদালত নির্দেশ দিয়েছেন।
পুকুর ভরাট নিয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে রাজশাহীতে তিনটি মামলা করা হয়েছে। গত জুলাই মাসে নগরের মুন্সিডাঙ্গা এলাকার ফাহিম মুন্সীকে বিবাদী করে সর্বশেষ মামলাটি করা হয়। এর আগে নগরের সাগরপাড়া মৌজার সাগরপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডসংলগ্ন পুকুরটি ভরাট করার অভিযোগে এর মালিক মঞ্জুর ফারুক চৌধুরীর নামে ২৩ জুলাই নগরের বোয়ালিয়া থানায় আরেকটি মামলা হয়েছে।
প্রথম মামলাটি করা হয় চলতি বছরের ২৪ এপ্রিল নগরের বোয়ালিয়া থানায়। নগরের রেশমপট্টি এলাকার রামপুর মৌজার আর এস ৫৮০ দাগে অবস্থিত পুকুরটি ভরাটের অভিযোগে বোয়ালিয়াপাড়ার গোলাম কিবরিয়াসহ সাতজনকে বিবাদী করা হয়। মামলাটি ১ মে রেকর্ড করা হয়।
২০১০ সালে হাইকোর্ট রাজশাহী মহানগর উন্নয়ন মহাপরিকল্পনা ২০০৪-২৪-এর অন্তর্ভুক্ত নগরের জলাশয়গুলো তিন মাসের জন্য ভরাটের স্থগিতাদেশ দেন। রাজশাহীর পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এই রিটের এখনো নিষ্পত্তি হয়নি। তারপরও রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট চলছে।