রাজশাহীতে পুকুর ভরাট থামেনি
রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকায় পুকুর ভরাটের কাজ গতকাল রোববারও চলেছে। কর্তৃপক্ষ এটি বন্ধ করার কোনো উদ্যোগই নেয়নি। তবে পরিবেশ অধিদপ্তরের লোকজন ওই পুকুরটি পরিদর্শন করেছে।
গতকাল বিকেলে ওই পুকুরের কাছে গিয়ে দেখা যায়, আগের দিনের মতো একইভাবে দুটি ট্রাক্টরে করে মাটি এনে পুকুরে ফেলা হচ্ছে। পাশেই একজন গৃহবধূ তাঁর ছেলেকে নিয়ে গোসল করছেন। ওই গৃহবধূ জানান, এই পুকুরেই গোসলসহ তাঁদের বাসার ধোয়ামোছার সব কাজ করতে হয়। পুকুরটি ভরাট হয়ে গেলে তাঁরা খুব সমস্যায় পড়বেন।
মাটি ভরাটের কাজে নিয়োজিত ট্রাক্টরের চালককে জিজ্ঞেস করলে গাড়ির ওপরে বসা তিনজন শ্রমিক বলেন, তাঁরা জানেন না। গাড়ির মহাজন জানেন, কে মাটি ভরাট করার কাজ দিয়েছেন। গত শুক্রবার তাঁরা বলেছিলেন, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান তাঁদের নিযুক্ত করেছেন।
এর আগে গতকাল সকালে পত্রিকায় খবর দেখে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে ফোন করে মনিরুজ্জামান বলেন, ওই পুকুরে তাঁর অংশ রয়েছে। তবে তাঁর অংশে ভরাটকাজ চলছে না। চাইলে তিনি কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারবেন। তিনি বলেন, তিনি কোনো বেআইনি কাজ করতে পারেন না। গত শুক্রবার মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, তিনি ওই পুকুর ভরাট করছেন না। খোকন ওই পুকুর ভরাট করছেন। তার কিছুক্ষণ পরেই খোকন পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে বলেন, তিনি ওই পুকুর ভরাট করছেন। আসলে ওটা পুকুরের পাড়। ওই দিক দিয়ে ড্রেন (নর্দমা) হবে। এ জন্য ওইটুকু ভরাট করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক মকবুল হোসেন গতকাল বিকেলে ওই পুকুরটি পরিদর্শন করেন। মকবুল হোসেন বলেন, পুকুরের মালিক খোকন দাবি করেছেন, এটা পুকুরের পাড়। পাড়ের অংশ ভেঙে পুকুরের সঙ্গে মিশে গেছে। মকবুল হোসেন বলেন, এখন কাগজপত্র দেখতে হবে। তারপর তাঁরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবেন।
এ ব্যাপারে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়রম্যান বজলুর রহমান বলেন, তিনি একটি সভায় রয়েছেন। পরে কথা বলবেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
গতকাল রোববার প্রথম আলোতে ছবিসহ ‘পুকুর ভরাট চলছেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সকালে এ প্রতিবেদন দেখে স্থানীয় এক ব্যক্তি প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে ফোন করে জানান, এই পুকুরেই ছোটবেলায় তিনি সাঁতার শিখেছেন। এই পুকুরের সঙ্গেই তাঁদের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। পুকুর ভরাটের বিরুদ্ধে প্রতিবেদন করার জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘পুকুরটি ভরাট হয়ে গেলে এই পুকুর পাড়ের মানুষ ভীষণ সমস্যায় পড়বে। এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত আগুন নেভানোর পানি পাওয়া যাবে না। আমরা চাই, এই পুকুরটি যেন ভরাট না করা হয়।’
হাইকোর্ট ২০১০ সালে রাজশাহী মহানগর উন্নয়ন মহাপরিকল্পনার (২০০৪-২০২৪) অন্তর্ভুক্ত নগরের জলাশয়গুলো তিন মাসের জন্য ভরাটে স্থগিতাদেশ দেন। রাজশাহীর পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এই রিটের এখনো নিষ্পত্তি হয়নি।