রাজশাহীতে পুলিশ-শিবির সংঘর্ষ
রাজশাহীতে হরতাল চলাকালে আজ বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে নগরের ভাটার মোড়ে মিছিল বের করেন শিবিরের কর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও দুটি ককটেল ছোড়েন। পুলিশ পাল্টা পাঁচটি রাবারের গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান।
সকাল সাতটার দিকে নগরের ডিঙ্গাডোবা মোড়ে টায়ারে আগুন জ্বালানোর পর মিছিল বের করেন শিবির-কর্মীরা। পরে পুলিশ বাধা দিলে তাঁরা ইটপাটকেল ছোড়েন। পুলিশ এ সময় প্রায় ১০টি রাবারের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিবির-কর্মীরা ডিঙ্গাডোবা এলাকায় পিকেটিংয়ের চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।
নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, শালবাগান ভাটার মোড় এলাকায় শিবিরের কর্মীরা আসার সঙ্গে সঙ্গে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।