রাজশাহীতে পুলিশ-শিবিরের সংঘর্ষ
রাজশাহীতে গতকাল শনিবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
পাবনা ও সাতক্ষীরা থেকে জামায়াত-শিবিরের ৩০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
পাবনা অফিস এবং নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা ও রাজশাহীর পাঠানো খবর:
রাজশাহী: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী নগরের মনিচত্বর থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি নগরের রাজারহাতা এলাকায় লোকনাথ উচ্চবিদ্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। পুলিশের একটি দল ওই সমাবেশের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, সংঘর্ষে ইটের আঘাতে দুই কনস্টেবল আহত হন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ৪২টি গুলি ছোড়া হয়।
শিবিরের রাজশাহী মহানগর শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করে, তাঁদের ৩৫ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।
পাবনা: সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবদুর রউফকে (৪৫) শনিবার ভোরে পাবনা শহরের আটুয়া বাবলাতলা এলাকায় তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রউফের বিরুদ্ধে একাধিক মামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে। দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
সাতক্ষীরা: জামায়াত ও শিবিরের ২৯ জন নেতা-কর্মীকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এক থেকে ১৭টি পর্যন্ত মামলা রয়েছে।