রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে শিবিরের হাতবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে হরতাল চলাকালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের মনিচত্বর এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ পাল্টা সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি ছোড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নূর হোসেন প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধী জামায়াতের নেতা আজাহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে মনিচত্বরে ছাত্রশিবিরের কর্মীরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ সেখানে পৌঁছালে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পর পর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজারহাতা এলাকা পর্যন্ত। পুলিশ দুটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে এবং শর্টগানের ২৬টি গুলি ছোড়ে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, সোনাদীঘি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতালে নগরজীবন স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যানবাহন ছেড়ে না গেলেও সকাল থেকে নগরে হালকা যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

আর রাজশাহী রেলস্টেশন থেকে সময়মতো সব ট্রেন ছেড়ে যায় বলে জানান স্টেশন সুপার আবদুল করিম।